২৫ জুন উদ্বোধনের পর আজ প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃকনিবাস পরিদর্শনের করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস জানায়, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদকে সঙ্গে নিয়ে সেখানে ফাতেহা পাঠ করেন তিনি। জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।
তার আগে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে পরিবারের বেশিরভাগ সদস্যসহ নৃশংসভাবে খুন হন।
প্রধানমন্ত্রী ছাড়াও সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে। এর আগে প্রায় তিন ঘণ্টারও বেশি সময়ে সড়ক পথে সকাল ১১টা ৪০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান।
টুঙ্গিপাড়া যাওয়ার পথে শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে জাজিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নেন।







