ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোন সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর।
আজ শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। ফ্লাইটটি ভারতের স্থানীয় সময় বিকেল ৪টায় দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরের সময় উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। গত এক দশকে শক্তিশালী আঞ্চলিক অংশীদারিত্বের অংশ হিসেবে দুই দেশে বেশ কিছু আন্তঃসীমান্ত উদ্যোগ চালু করা হয়েছে।








