যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘হেলেন’। ৪ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড় দেশটির ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে ব্যাপক তাণ্ডব চালায়। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, গতকাল স্থানীয় সময় (২৭ সেপ্টেম্বর) শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফ্লোরিডা উপকূলের টাম্পা, ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় উল্টে যায় অসংখ্য নৌযান। অনেক গাছ উপড়ে পড়ে, পানিতে তলিয়ে যায় রাস্তা ও রাস্তায় চলাচল করা যানবাহন।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানান, মৃত্যুর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফ্লোরিডা ও জর্জিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা কোম্পানিগুলো বলছে, ফ্লোরিডায় ১২ লাখেরও বেশি গ্রাহক আর জর্জিয়ায় ৮ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আঘাত হানে হারিকেন হেলেন।
ন্যাশনাল হারিকেন সেন্টার-এনএইচসি জানায়, নথি রাখা শুরুর পর যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে হারিকেন হেলেন যৌথভাবে ১৪তম। আর ফ্লোরিডায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সপ্তম। ফ্লোরিডায় আঘাত হানার সময় হারিকেন হেলেনের বাতাসের গতি ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার।
পরে জর্জিয়ার ওপর দিয়ে উত্তরে অগ্রসর হওয়ার সময় হারিকেনটি দুর্বল হয়ে পড়ে।







