চিকিৎসকের ভুলে শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন

শিশুর চোখে ব্যান্ডেজ লাগানো অবস্থায়, চিকিৎসকের ভুলের কারণে চোখের অপারেশন হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চিকিৎসকের ভুলে ভারতের নয়ডায় বাম চোখের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হওয়া সাত বছরের একজন শিশুর ডান চোখে অপারেশন করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১২ নভেম্বর ভারতের নয়ডার আনন্দ স্পেকট্রাম হাসপাতালে এই চিকিৎসাগত ভুলের ঘটনা ঘটে। ওই অপারেশনের খরচ চিল ৪৫ হাজার রুপি।
শিশুর বাবা নিতিন ভাটি জানান, তার ছেলের বাম চোখ থেকে বারবার পানি পড়ার কারণে তারা তাকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তার আনন্দ বর্মা পরীক্ষা করে জানান, চোখে প্লাস্টিকের মতো কোন বস্তু আছে যা অপারেশন করে সরানো সম্ভব।
তিনি বলেন, বাড়ি ফেরার পর শিশুর মা আবিষ্কার করেন অপারেশনটি বাম চোখের বদলে ডান চোখে করা হয়েছে। পরে বাবা-মা বিষয়টি নিয়ে ডাক্তারকে প্রশ্ন করলে তিনি ও হাসপাতালের কর্মীরা তাদের সাথে দুর্ব্যবহার করেন।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই পরিবার শহরের প্রধান চিকিৎসা কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করে। শিশুর বাবা ডাক্তারের লাইসেন্স বাতিল এবং হাসপাতাল বন্ধের দাবি জানিয়েছেন।
এই বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



