এবার দুবাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রী আসনের পকেটে মিললো কার্তুজ। কীভাবে কার্তুজ নিয়ে বিমানের মধ্যে যাত্রী এলো, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র আজ শনিবার (২ নভেম্বর) জানিয়েছেন, গত ২৭ অক্টোবর দুবাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে কার্তুজ পাওয়ার ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার এআই৯১৬ বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরই ঘটনাটি নজরে আসে। সঙ্গে সঙ্গে পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়। বিমানে থাকা প্রত্যেক যাত্রী সুরক্ষিত বলেও জানান এয়ার ইন্ডিয়ার ওই মুখপাত্র।
চলতি সপ্তাহে সোমবারই দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও পরে বিমানে তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক কিছু মেলেনি। তার মধ্যেই এবার কার্তুজ আতঙ্ক। কীভাবে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিমানের মধ্যে কার্তুজ এল তা-ও রহস্য!
গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে। অন্তর্দেশীয় বিমান তো বটেই, আন্তর্জাতিক বিমানেও ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র। নরেন্দ্র মোদীর সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে।
কারা এই ভুয়ো খবর ছড়াচ্ছেন, তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। সেই দিকে নজর রেখে এক্স (সাবেক টুইটার), মেটার মতো সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তারির সংখ্যাও বাড়ছে।







