বন্যার্তদের সহায়তায় এক দিনের সমপরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আওতাধীন প্রকল্পসমূহের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন।
তিনি জানান, দেশের বন্যাকবলিত মানুষদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আওতাধীন প্রকল্পসমূহের কর্মকর্তা-কর্মচারীরা।
আকস্মিক ভয়াবহ বন্যায় ভাসছে ১১ জেলা। বন্যায় এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ১৮ জনের। বৃষ্টি থামায় কিছু স্থান থেকে নামছে বানের পানি। তবে এখনও ৭টি নদীর পানি বইছে বিপদসীমার উপরে।
বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে এক সঙ্গে কাজ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।








