ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দু’এক দিনের মধ্যেই স্বল্প সংখ্যক স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে পর্ষদ পুনর্গঠন হবে। আজই এ সংক্রান্ত নির্দেশনা জারি হতে পারে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে: ব্যাংকিং খাতের সংস্কারের অংশ হিসেবেই ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতের লুটেরা হিসেবে পরিচিত সাইফুল আলম মাসুদের এস আলম গ্রুপ ২০১৭ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এই ব্যাংক ৭৫ হাজার কোটি টাকার বেশি সরিয়ে নিয়েছে। আর কোনো টাকা যাতে সরাতে না পারে সে লক্ষ্যে পর্ষদ ভেঙ্গে দেওয়া হচ্ছে।
ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে। পরবর্তীতে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।







