ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের অষ্টম দিনের শুনানি চলছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এ কার্যক্রম চলছে।
আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন নির্ধারিত রয়েছে।
এর আগে নির্বাচন কমিশনে জমা পড়া ৪৩টি আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর এবং ১৭টি নামঞ্জুর করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দায়ের করা ৪টি আপিল খারিজ করা হয়। শুনানি শেষে আরও ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
সংশোধিত তপশিল অনুযায়ী, নির্বাচনসংক্রান্ত সব আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।








