ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন। তিনি শহীদ মিনারে ফুল না দিয়েই ফিরে যান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এসময় সংঘর্ষে তার এক কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তার নেতাকর্মীরা।
একুশের প্রথম প্রহরে শুক্রবার রাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সরাইল উপজেলা সদরের শহীদ মিনারে যান এমপি রুমিন ফারহানা। তবে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টারের গ্রুপের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে শ্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় রুমিন ফারহানার এক কর্মী আহত হন বলে তার সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়। পরে নিরাপত্তাজনিত কারণে ফুল না দিয়েই শহীদ মিনার ত্যাগ করেন রুমিন ফারহানা।
ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, “বিএনপি যদি তাদের নেতাকর্মীদের লোকাল লেভেলে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।
“তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করে একটি অশোভন পরিস্থিতি তৈরি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।








