টাকার অভাবে আত্মহত্যার পথ বেছে নিলেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির নামি নৃত্যশিল্পী চৈতন্য। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত কোরিওগ্রাফার ছিলেন তিনি। আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে শেষবারের মতো একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে বলে গেছেন সমস্ত কিছু।
সেই ভিডিও বার্তায় চৈতন্য বলেন,‘‘আমার মা, বাবা ও বোন সব সময় আমার যত্ন নিয়েছেন, কখনও আমাকে কোনও সমস্যার সম্মুখীন হতে দেননি। আমি আমার বন্ধুদের কাছে মন থেকে ক্ষমা চাইছি। আমি অনেককে বিরক্ত করেছি, আমি তাদের সবার কাছে ক্ষমা চাইছি। টাকা পয়সার ক্ষেত্রে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। শুধু টাকা ধার নিলেই হয় না, সেটা শোধ করারও ক্ষমতা থাকতে হয়। আমি তা করতে পারিনি।’’
এসময় চৈতন্য আরও বলেন, ‘‘আমি এখন নেল্লোরে রয়েছি। আর এটাই আমার জীবনের শেষ দিন। টাকাপয়সা আর দেনা নিয়ে আমার যা সমস্যা, আমি আর সেগুলো নিয়ে বাঁচতে পারছি না।’’
ভিডিও পোস্ট করার অনেকটা পরে তা নজরে আসে ইন্ডাস্ট্রির সহকর্মীদের। ততক্ষণে আর চৈতন্যকে জীবিত পাওয়া যায়নি। নেল্লোর ক্লাব থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। তেলুগু ইন্ডাস্ট্রিতে নাচের একটি রিয়্যালিটি শো থেকে দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন চৈতন্য। তার প্রশংসা করেছিলেন প্রভু দেবার মতো কিংবদন্তী নৃত্যশিল্পীও।







