বিয়ে করেছেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি- এমন খবরেই ক’দিন ধরেই সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম! ১২ নভেম্বর রাত থেকেই বিভিন্ন গ্রুপ ও পেজে তার বিয়ের বিষয়টি চর্চিত! এমনকি বিয়ের কিছু ছবিও হয়েছে ভাইরাল! সপ্তাহ পার হলেও এই নিয়ে গুঞ্জন যেন থামছেই না!
অবশেষে এ নিয়ে কথা বললেন দেশের জনপ্রিয় তরুণ এই কন্টেন্ট ক্রিয়েটর!
গোপনে বিয়ে, এবং পাত্রীর নাম নিয়েও ছড়িয়েছে বিভ্রান্তি! এসব কিছু নিয়েই কথা বলেছেন আফ্রিদি! বলেছেন, গোপনে কিছু করেননি! বরং পরিবার সাথে নিয়েই কাবিন সম্পন্ন করেছেন এই তরুণ!
গোপনে বিয়ে করেছেন আফ্রিদি- এমন খবরে এই তরুণ বলেন, “আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি! আরে, বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে অন্য কেউ আপলোড করে দিয়েছে! নিউজও হয়ে গেছে! ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাব। কিন্তু সে সময় আর কই পেলাম। অনেকেই ছবি পোস্ট করেছেন।”
তৌহিদ আফ্রিদি বলেন,“আসলে জন্ম, মৃত্যু, বিয়ে—এটা সম্পূর্ণ মহান আল্লাহই লিখে রাখেন। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে, এখানে কারও হাত নেই। আমি আমার মা ও পরিবার নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, ওখানেই কাবিন হয়ে গেছে।”
তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রামিসা আল রিসা, তার যমজ বোন রাইসা আল রোজা। শুরুতে খবর ছড়ায়, রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি। এ প্রসঙ্গেও মাইটিভিকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে কথা বলেন আফ্রিদি। বলেন, “সমস্যা হচ্ছে, মানুষ আসলে কনফিউজড হয়ে গেছে, তারা তো যমজ বোন। যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে (শ্যালিকা) অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব এক দিক থেকে হাস্যকর লাগে।”
নিজের সবকিছু নিয়ে ভ্লগ বানান, কিন্তু বিয়ে নিয়ে কোনো ভ্লগ কেন করেননি- জানতে চাইলে আফ্রিদি বলেন,“কেন সবাই বিয়ে বিয়ে করছে। এটাতো কাবিন হল।” এসময় তিনি জানান, আল্লাহ চাইলে বিয়ের অনুষ্ঠানে সবকিছু হবে!








