যে কোনো দুর্যোগে মানবিক কাজ করে বারবার প্রশংসিত হয়েছেন তরুণ সংগীতশিল্পী ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। ২০২২ সালে সিলেটের বন্যায় ব্যাপক উদ্যোগী ছিলেন তিনি। এবারের ভয়াবহ দুর্যোগে বন্যার্তদের সহযোগিতায় সক্রিয় এই তরুণ।
স্পিডবোট নিয়ে বৃহস্পতিবার থেকেই ফেনী জেলার বন্যাদুর্গত অঞ্চলে পৌঁছে গেছেন তাসরিফ। দক্ষ কিছু তরুণ তার সহযোদ্ধা। প্রথম দিনে দুর্গত এলাকায় পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন তিনি। বিকেল থেকে রাত পর্যন্ত ২টি স্পিডবোট দিয়ে ফেনীর লস্করহাট থেকে ৪০০’র বেশি মানুষকে উদ্ধার করার কথা জানিয়েছেন তাসরিফ।
খুব কাছ থেকে দেখছেন মানুষের আহাজারি। তাসরিফ আগেই জানিয়েছেন, ফেনীর ডিসির নেতৃত্বে ছাত্রদের সাপোর্ট, লোকাল সাপোর্ট ও রোভার স্কাউটের সহযোগিতায় কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে আবারও উদ্ধার অভিযানের আপডেট জানিয়েছেন এই তরুণ শিল্পী। জানিয়েছেন, এই মুহূর্তে বন্যাদুর্গত অঞ্চলে সবচেয়ে বেশী প্রয়োজন বিশুদ্ধ পানি।
এদিন এক পোস্টে তাসরিফ লিখেন,“ওয়াটার পিউরিফায়িইং ট্যাবলেট প্রয়োজন। ফেনী সদরের ৩ নম্বর ওয়ার্ডে মানুষ এখন বন্যার পানিই খাচ্ছে। এটা আজকে দুপুরের কথা বলছি। অন্যান্য জায়গা তেও বিশুদ্ধ পানি আর খাবারের চরম সংকট।”
নিজেদের অবস্থা জানিয়ে তাসরিফ বলেন,“আজকে সকাল থেকে আমাদের টিমের সবাই ১টা ২টা করে টোস্ট বিস্কুট খেয়ে আছি এখন পর্যন্ত। একটু পর আশ্রয় কেন্দ্র থেকে আমরা খাবার পাবো কিছু, তখন খাবো। আপনারা যতটুকু সম্ভব ত্রাণ এবং বিশুদ্ধ পানি নিয়ে আসুন প্লিজ।”
বিশুদ্ধ পানি ও খাবারের প্রতি জোর দিয়ে তাসরিফ আরো বলেন,“বোট আছে, মানুষ রেসকিউ করতে যাচ্ছে। যারা রেসকিউ করতে যেতে পারবেন না বা বোট পাচ্ছেন না তারা লাইফ জ্যাকেট নিয়ে এসে খাবার নিয়ে অন্তত সদরের গলিগুলোতে ঢুকে যান, যত বেশি সম্ভব। ট্রাস্ট মি। মানুষ এখন বিশুদ্ধ খাবার পানি আর ত্রাণের চরম সংকটে আছে এদিকে।”







