ক্রিকেট

বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার তাসকিনের

বাংলাদেশ ক্রিকেটার তাসকিনের ব্যায়াম অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তাসকিন অনুশীলনের সময় স্ট্রেচিং করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাল্যবন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। অভিযোগ জমা পড়েছে থানায়। রোববার রাতে মিরপুর-১এ ঘটে মারধর। সোমবার ভোররাতে মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। তবে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন।

এই অভিযোগের পর তাসকিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চ্যানেল আই অনলাইন। শুরুতে তাসকিনকে মুঠোফোনে না পাওয়া গেলেও পরবর্তীতে ৩০ বর্ষী তাসকিন জানিয়েছেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। আমার সঙ্গে ঝামেলা হওয়াতে আবেগের বসে থানায় চলে গেছে। ওদের আমি মারিনি। আমার নামে মিথ্যা জিডি করেছে।’

‘ঘটনা আমার অন্য আরেক বন্ধুর সঙ্গে। আমার এক বন্ধুর সঙ্গে তারা হাতাহাতি করেছে। ওইটার জন্য আমি মোহাম্মদপুর থানায় ফোন দিয়েছিলাম, এখন উল্টো তারা মিরপুর থানায় অভিযোগ করেছে।’

এর আগে মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। দুপুরের দিকে এ আইনশৃঙ্খলা কর্মকর্তা জানান, এটি নিয়ে তদন্ত করছেন।

বললেন, ‘অভিযোগ করেছে এটা সত্য। অভিযোগকারী তাসকিনের বাল্যবন্ধু, সিফাত রহমান সৌরভ। গতকাল রাতে তাসকিনের সঙ্গে কথাকাটি হয়। এমন একটা বিষয় নিয়ে তিনি অভিযোগ করেছেন। তবে উনি (সিফাত) এটা উঠিয়ে এখন জিডি করতে চাচ্ছেন। থানা সকলের জন্য খোলা, যে যেটা চায় করবে। কিন্তু তাসকিনকে আমরা ফোনে পাচ্ছি না, তার ফোন বন্ধ।’

তাসকিনের বিরুদ্ধে অভিযোগটি করেছেন সিফাতুর রহমান সৌরভ। তিনি অভিযোগে লিখেছেন, তাসকিন তাকে ফোন করে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।

পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন ছুটিতে। ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটি খেলেছেন তাসকিন।

বিষয়:তাসকিন বাংলাদেশ মিরপুর মোহাম্মদপুর সৌরভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…