এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত হতে জুনের প্রথম সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ঈদের নামাজ শেষে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ বললেন, অস্ট্রেলিয়া সিরিজ সহজ হবে না, তবে আশাবাদী লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের ক্রিকেট নিয়েও কথা বলেছেন তাসকিন। তিনি বলেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। সবাই পরিবারের সাথে ঈদ উদযাপন করুন। প্রত্যেক বছরের ঈদই বিশেষ। আমি যখনই সুযোগ পাই, দেশে থাকলেই এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করি। আল্লাহর রহমতে এটা একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ যেন সামনেও এই তাওফিক দেন। সবাই দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখেন।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে তাসকিন জানান, ‘আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ার সাথে খেলা তো অবশ্যই সহজ হবে না। ওরা কঠিন প্রতিপক্ষ। আমরাও আশাবাদী। আমরা গত কয়েকটা সিরিজ জিতেছি। এই ধারাবাহিকতাটা থাকলে ইনশাআল্লাহ সামনে অনেক উন্নতি হবে। ইনশাআল্লাহ, ধাপে ধাপে এগোচ্ছি। অস্ট্রেলিয়া টেস্ট তো এখনো দেরি আছে। তার আগে বেশ কিছু খেলা আছে। বর্তমান নিয়েই চিন্তা করছি।’








