বাংলাদেশের জায়গায় শেষ মুহূর্তে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। নিরাপত্তা ইস্যুতে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় গ্রুপ ‘সি’তে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার আসরের প্রথম ম্যাচে নামবে স্কটল্যান্ড। এই ম্যাচে নামার আগে বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে যেকোনো দলকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্পিনার মার্ক ওয়াট।
স্কটিশ এই অভিজ্ঞ তারকা বলেছেন, ‘প্রথমত বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমরা খুবই সমব্যথী। কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের এখানে (আগে থেকেই) থাকা উচিত ছিল। আমাদের বিশ্বাস আছে যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকেও হারাতে পারি। ফলে এই টুর্নামেন্টের আমন্ত্রণ পাওয়া নিয়ে আর কোনো দ্বিতীয় অনুমানের সুযোগ নেই। আমরা পুরোপুরি প্রস্তুত।’
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের প্রতি তীব্র আক্রোশ ছিল ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। তাদের চাপের মুখে বিসিসিআই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে ফিজকে সরিয়ে দেয়ার নির্দেশনা দেয়। সেটাই বাস্তবায়ন করে দলটি। ওই ঘটনায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দেয়। তাই বিসিবির দাবি ছিল নিজেদের ম্যাচগুলো যেন সরিয়ে নেয়া হয় আরেক আয়োজক শ্রীলঙ্কায়। দফায় দফায় আলোচনার পর বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট চালিয়ে নেয়ার পথ হাঁটে আইসিসি।







