প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় নিজ জেলা পঞ্চপড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এছাড়া জাগপা জেলা অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টায় জেলা ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এর আগে, দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় যায়। এসময় কিছু নেতাকর্মী জাগপা দলীয় কার্যালয়ের টিনের বেড়া ভাঙচুর ও কার্যালয়ের ভেতরে চেয়ার, ফ্যানসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে আবারও মিছিল নিয়ে চৌরঙ্গী মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় জেলা ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতারা প্রধানমন্ত্রীর তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান। একই সাথে রাশেদ প্রধানকে পঞ্চগড় অবাঞ্চিত ঘোষণা করেন।








