টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন দলীয় স্কোর তুলে জয়ের রেকর্ড ছুঁয়েছে ভারত। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১১৯ রান তুলেও ৬ রানের নাটকীয় জয়ে উড়ছে রোহিত শর্মার দল।
টিম ইন্ডিয়া অবশ্য এককভাবে রেকর্ডটির অধিকারী নয়। বাংলাদেশের মাটিতে হওয়া ২০১৪ বিশ্বকাপে ১১৯ রান করে জিতেছিল শ্রীলঙ্কা। প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে পেয়েছিল ৫৯ রানের বিশাল জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া ১০ বছর আগের সেই রেকর্ডে ভাগ বসিয়েছে ভারত।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অবশ্য আরও অল্পরান তুলেও জয়ের নজির রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অলআউট হয়েও জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে।
২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি ত্রিনিদাদে সেই ম্যাচে ক্যারিবীয়রা পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ৭৯ রানে আটকে যায়। টি-টুয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন স্কোরে নির্ভর করার জিম্বাবুয়ের সেই রেকর্ড এখনো অক্ষত আছে।








