টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের ক্রিকেট বোর্ড দলকে ১২৫ কোটি রুপি বোনাসের ঘোষণা দেয়। সেই অর্থ ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফসহ অন্য সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হবে। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের জন্য ৫ কোটি বরাদ্দ থাকলেও আড়াই কোটি ফিরিয়ে দিচ্ছেন বিশ্বজয়ী কোচ। জানিয়েছেন, অতিরিক্ত বোনাস নেবেন না। তার সহকারী কোচরা যা অর্থ পাচ্ছেন, তিনিও একই পরিমাণে নেবেন।
২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পরে দীর্ঘ খরা যায় দেশটি। রোহিত শর্মার দল শিরোপা জয়ের পর তাই বোনাস হিসেবে ১২৫ কোটি রুপির বড় অঙ্কই সামনে আনে বিসিসিআই।
ভারতের বিশ্বকাপ দলের মোট সদস্যসংখ্যা ৪২ জন। যাদের সবাই কম-বেশি বোনাস পাচ্ছেন। স্কোয়াডে সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটারের প্রত্যেকে পাচ্ছেন ৫ কোটি রুপি করে। যেখানে আছে রোহিত, কোহলি, বুমরাহ, পান্ডিয়ার মতো তারকা। দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটারদের সমান ৫ কোটি রুপি বোনাস পাবেন। যদিও তার সমান অর্থ বাকি কোচিং স্টাফরা পাচ্ছে না।
বিসিসিআইয়ের এক সদস্য গণমাধ্যমে বলেছেন, ‘বাকি সাপোর্ট স্টাফরা যে অর্থ পাচ্ছেন, রাহুলও একই অর্থ দাবি করেছেন। আমরা ওর আবেগকে শ্রদ্ধা জানাই।’
ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ পাচ্ছেন আড়াই কোটি রুপি করে। বাকি স্টাফরা পাবেন মাথা পিছু ২ কোটি করে। এদের মধ্যে রয়েছেন ৩ জন ফিজিওথেরাপিস্ট, ৩ জন থ্রো ডাউন স্পেশালিস্ট, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই।







