ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ-হাতের আঙুলে গুরুতর চোটে পড়েন শরিফুল ইসলাম। আঘাতস্থলে লেগেছিল ৬ সেলাই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে খেলতে পারেননি।
সপ্তাহ খানেক আগে পাওয়া চোটে আজ সাউথ আফ্রিকার সঙ্গে শরিফুলের খেলা নিয়েও রয়েছে সংশয়। এরমাঝেই দেখা গেছে আশার আলো। ম্যাচের আগেরদিন রোববার ২৩ বর্ষী তারকা অনুশীলনে ফিরেছেন। বাঁহাতি পেসার বোলিংটাও এদিন করেছেন। তাতে টাইগারদের ডেরায় বড় ম্যাচের আগে লেগেছে স্বস্তির হাওয়া।
শরিফুল পুরোপুরি ফিট হয়ে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামবেন কিনা, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী মাঠে নামলে একাদশ থেকে বাদ পড়তে পারেন পেসার তানজিম হাসান সাকিব।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার রাত সাড়ে ৮টায় ডি-গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। দুই ম্যাচের সবকটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা গ্রুপে টেবিল টপার। এক ম্যাচ খেলা টিম টাইগার্স ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।








