অপেক্ষা ফুরালো। ঈদের সকালে বাংলাদেশের হাসি দিয়ে। টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ৭ দল নিশ্চিত হয়ে ছিল রোববারের মধ্যে। অপেক্ষা ছিল ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দলটির, যেখানে সম্ভাবনায় এগিয়ে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের পর নেপালের বিপক্ষে শেষ ম্যাচে জিতে আসরের অষ্টম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে লাল-সবুজের দলই। বাকি সাত দল- ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা।
সেন্ট ভিনসেন্টে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হয় নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচে ২১ রানে জিতে নির্বিঘ্নে সুপার এইটে পা রেখেছে বাংলাদেশ।
আইসিসি বিশ্বকাপ শুরুর আগেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রতি গ্রুপের ১ ও ২ নম্বর দলের অবস্থান নির্ধারণ করে দিয়েছে। সে অনুযায়ী গ্রুপ ‘এ’ থেকে ‘এ-১’ হয়েছে ভারত, ‘এ-২’তে ঠিক করা ছিল পাকিস্তানের নাম। গ্রুপ ‘বি’ থেকে ‘বি-১’ নির্ধারণ করা হয় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য এবং ‘বি-২’ ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য।
এভাবে গ্রুপ ‘সি’ থেকে ‘সি-১’ নিউজিল্যান্ড ও ‘সি-২’ ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘ডি’ তথা বাংলাদেশের গ্রুপে ‘ডি-১’ সাউথ আফ্রিকা ও ‘ডি-২’ স্থান নির্ধারণ করা ছিল শ্রীলঙ্কার জন্য। গ্রুপপর্বে যে নির্ধারিত দলগুলো সুপার এইটে যেতে পারেনি, তাদের গ্রুপ থেকে অন্য যে দলটি সুপার পর্বে উঠল, সেই দল স্থান নির্ধারণ হয়ে থাকা কোয়ালিফাই করতে না পারা দলের জন্য নির্ধারিত স্থানে বসেছে।
‘ডি’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে সাউথ আফ্রিকা। ৪ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৮। আগে থেকেই তাদের জন্য নির্ধারিত স্থান ‘ডি-১’। অন্যদিকে ৪ ম্যাচে তিন জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৬, অবস্থান দুইয়ে। এই গ্রুপে লঙ্কানদের জন্য আগে থেকে স্থান নির্ধারিত ছিল ‘ডি-২’।
এখন, ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে গেল বাংলাদেশ, এবং শ্রীলঙ্কা ছিটকে গেছে, আর ডাচদের কাগজে-কলমের সম্ভাবনাও থাকেনি, বাংলাদেশ তাই এই গ্রুপ থেকে সুপার এইটে পৌঁছাল ‘ডি-২’ হয়ে। শ্রীলঙ্কার জন্য নির্ধারিত স্থানের দখল নিলো টিম টাইগার্স। যে অনুযায়ী বাংলাদেশ সুপার এইটে উঠে ‘গ্রুপ-১’তে লড়বে।
সুপার এইটে ‘গ্রুপ-১’তে পড়ছে টি-টুয়েন্টি ক্রিকেটের পরাশক্তিগুলো। গ্রুপ ‘এ’ থেকে ‘এ-১’ ভারত, গ্রুপ ‘বি’ থেকে ‘বি-২’ অস্ট্রেলিয়া, গ্রুপ ‘সি’ থেকে ‘সি-২’ নিউজিল্যান্ড কোয়ালিফাই করতে না পারার জায়গায় আফগানিস্তান হয়েছে সুপার এইটের ‘গ্রুপ-১’ সঙ্গী। যেখানে চার দল প্রত্যেকের সাথে একটি করে ম্যাচ খেলবে। আর সুপার এইটে ‘গ্রুপ-২’তে থাকছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা।
এক নজরে সুপার এইটের ৮ দল
সুপার এইট গ্রুপ ১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ।
সুপার এইট গ্রুপ ২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা।
সুপার এইটে সব প্রতিপক্ষ-সময়-সূচি
১৯ জুন: সাউথ আফ্রিকা-যুক্তরাষ্ট্র (অ্যান্টিগা, রাত ৮.৩০ মিনিট)
২০ জুন: ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড (সেন্ট লুসিয়া, সকাল ৬.৩০ মিনিট)
২০ জুন: আফগানিস্তান-ভারত (ব্রিজটাউন, রাত ৮.৩০ মিনিট)
২১ জুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, সকাল ৬.৩০ মিনিট)
২১ জুন: ইংল্যান্ড-সাউথ আফ্রিকা (সেন্ট লুসিয়া, রাত ৮.৩০ মিনিট)
২২ জুন: ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র (ব্রিজটাউন, সকাল ৬.৩০ মিনিট)
২২ জুন: বাংলাদেশ-ভারত (অ্যান্টিগা, রাত ৮.৩০ মিনিট)
২৩ জুন: আফগানিস্তান-অস্ট্রেলিয়া (কিংসটাউন, সকাল ৬.৩০ মিনিট)
২৩ জুন: ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র (ব্রিজটাউন, রাত ৮.৩০ মিনিট)
২৪ জুন: ওয়েস্ট ইন্ডিজ-সাউথ আফ্রিকা (অ্যান্টিগা, সকাল ৬.৩০ মিনিট)
২৪ জুন: অস্ট্রেলিয়া-ভারত (সেন্ট লুসিয়া, রাত ৮.৩০ মিনিট)
২৫ জুন: বাংলাদেশ-আফগানিস্তান (কিংসটাউন, সকাল ৬.৩০ মিনিট)










