নাজমুল হোসেন শান্তর ফিফটি ও আফিফ হোসেন ধ্রুবর শেষদিকের লড়াকু ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ১৫১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
রোববার ব্রিসবেনের গ্যাবায় টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান তুলেছে বাংলাদেশ।
ফিফটি তুলে হাত খুলে মারতে থাকেন ধীরগতিতে ফিফটি তোলা শান্ত। ৪৫ বলে ফিফটি এনেছিলেন। ইভান্সের ১৬তম ওভারে বাংলাদেশ ১৭ রান তুলে নেয়। ওভারটিতে ২ চার ও এক ছক্কা মারেন শান্ত।
আফিফের সঙ্গে চতুর্থ উইকেটে ৩৬ রান যোগ করার পর আউট হন শান্ত। সিকান্দার রাজার বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে আরভিনের তালুবন্দি হন। ৫৫ বলে ৭ চার ও এক ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে ফিরেছেন।
ছয় নম্বরে নামা মোসাদ্দেক হোসেন ১০ বলে করেন মাত্র ৭ রান। শেষ ওভারে টাইগাররা সোহান, রাব্বি ও আফিফের উইকেট হারায়। তবে রান ঠিকই দেড়শ স্পর্শ করে। এনগারাভার বলে লেগ বিফোরে কাটা পড়ার আগে আফিফ ১৯ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রানের কার্যকরী ইনিংস খেলেন।
শুরুতে সৌম্য সরকার ও লিটন দাসের উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ব্যর্থ হয়েছেন সৌম্য। মুজারাবানির বল ব্যাটের কানায় লেগে চলে যায় চাকাভার গ্লাভসে। দুই বলে শূন্য রানে ড্রেসিংরুমের পথ ধরেন বাঁহাতি ওপেনার।
১২ বলে ৩ চারে ১৪ রান করা লিটন স্কুপ শটে উইকেট বিলিয়ে এসেছেন। মুজারাবানির বলেই থার্ডম্যানে ক্যাচ নেন চাতারা। দলীয় রান তখন ৩২।
১৩তম ওভারে আক্রমণে এসেই ২০ বলে এক চারে ২৩ রান করা সাকিবের উইকেট তুলে নেন শন উইলিয়ামস। উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন সাকিব। ডিপ স্কয়ার লেগে মুজারাবানি নেন দারুণ ক্যাচ। থামে ৫৪ রানের জুটি।








