দুই রানে প্রথম উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল সাউথ আফ্রিকা। পরে আক্রমণাত্মক হয়ে উঠেছেন কুইন্টন ডি কক ও রাইলি রুশো। দ্বিতীয় উইকেটে শতাধিক রানের জুটি গড়ে বাংলাদেশের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নামা প্রোটিয়ারা ১৩ ওভারে ১ উইকেটে ১৪২ রান তুলে ফেলেছে। ফিফটি তুলে নেয়া ডি কক ৩৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ ও সেঞ্চুরির অপেক্ষায় থাকা রুশো ৪১ বলে ৪ চার ও ৭ ছক্কায় ৮০ রানে ক্রিজে আছেন।
পেসার-স্পিনাররা কেউই ডি কক ও রুশোর সামনে দাঁড়াতে পারছেন না। প্রথম ওভারে ২ রান করা টেম্বা বাভুমাকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করলেও তাসকিন দ্বিতীয় ওভারে ছিলেন খরুচে। ২ ওভারে তিনি দেন ২৩ রান, এর মাঝে ছিল দুই নো বল।
ইয়াসির আলী রাব্বির পরিবর্তে দলে আসা মেহেদী হাসান মিরাজ বল হাতে অনুজ্জ্বল। ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন। এক ওভার বোলিং করে ২১ রান দিয়ে ফেলেছেন সাকিব আল হাসান।








