সিডনি থেকে: হোবার্টের মতো শীতের তীব্রতা এই শহরে নেই। উপভোগ করার মতো আবহাওয়া। শীতকালে ঢাকার তাপমাত্রা যেমন থাকে ঠিক তেমন। ১২ ডিগ্রির কনকনে ঠাণ্ডার রাজ্য তাসমানিয়া থেকে ২৪ ডিগ্রির সিডনিতে পা রেখে ফুরফুরে হয়ে ওঠে বাংলাদেশ দল।
বিকেলে লিটন-সৈকত-শান্ত-ইয়াসিরদের অপেরা হাউজ ঘুরে আসার ছবিটাই বলে দেয় আগের রাতে পাওয়া জয় বাংলাদেশকে কতটা উজ্জীবিত করেছে।
ছোট চ্যালেঞ্জে জয়ী বাংলাদেশের এবার আসল পরীক্ষা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসএসজি)। বৃহস্পতিবার সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।
হোবার্টের বেলিরিভ ওভালে নেদারল্যান্ডসকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে সিডনিতে বাংলাদেশ দলে এলেও জিম্বাবুয়ের সঙ্গে প্রোটিয়াদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বৃষ্টির কারণে।
সিডনিতে বাংলাদেশ-সাউথ আফ্রিকা ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। তবে সেটি সামান্য। ম্যাচ পন্ড হওয়ার মতো নয়। এখানকার আবহাওয়া হুট করেই বদলে যায়। ১২ ঘণ্টা আগের পূর্বাভাস অনুসরণ করে চলেন সিডনির মানুষ।
দুপুরে হোবার্ট থেকে বাংলাদেশ দল যখন টিম হোটেলে তখন ঝড় শুরু হয়। যদি ঘণ্টাখানেক পরই আবার মেঘ সরে সূর্য হেসে ওঠে। বিকেলটা ছিল অসাধারণ। অপেরা হাউজ ঘুরে আসার আদর্শ সময়টা কাজে লাগিয়েছেন টাইগার ক্রিকেটাররা। সেমিফাইনালে না উঠলে আর সিডনিতে আসার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের।
সিডনির ম্যাচে জয় এলে সেমির আশা ভালো করেই জাগবে। তার পরের ম্যাচে ব্রিজবেনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারালে আর রান রেট ভালো থাকলে অ্যাডিলেডে ভারত-পাকিস্তানের কাছে কম ব্যবধানে হারলেও সুযোগ থাকবে টাইগারদের।








