সিডনি থেকে: ওপেনিং জুটি নিয়ে খুব সুখকর অবস্থায় না থাকলেও কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে। হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৪৩ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। আগের টানা ৩০ ম্যাচে উদ্বোধনী জুটি এত ভালো শুরু পায়নি।
যদিও শান্ত-সৌম্য ধরণ অনুযায়ী আগ্রাসী হতে পারেননি। প্রথম ম্যাচের জড়তা কাটিয়ে সামনে আরও ভালো করবেন বলে প্রত্যাশা অধিনায়ক সাকিব আল হাসানের।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার সাউথ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে সাকিব বললেন, ‘অবশ্যই আমাদেরকে আত্মবিশ্বাস দেবে এটা (প্রথম ম্যাচের উদ্বোধনী জুটি)।’
‘আসলে আমাদের তো খুব বেশি গুরুত্বপূর্ণ না জুটিতে কত রান হল স্কোরবোর্ডে। কী অ্যাপ্রোচ ছিল ব্যাটসম্যানদের সেটাই আসল। আমার কাছে দেখে যেটি সবচেয়ে ভালো লেগেছে, দুজনেই খুব ইতিবাচক মানসিকতায় ছিল। উদ্দেশ্য নিয়ে ব্যাটিং করছে। ওই জিনিসগুলো আমরা চাই।’
‘প্রথম ম্যাচে সবসময়ই আমাদের একটু নার্ভাসনেস কাজ করে। চাপ থাকে। জড়তা থেকে বের হয়ে আসতে পারা এখন উচিত এবং খোলা মনে খেলা উচিত। আরও ভালো খেলা উচিত, পারফর্ম করা উচিত। যারা দলে আছে তাদের যদি সেরাটা খেলতে পারে, আমার মনে হয় ভালো কিছু হওয়াই সম্ভব।’







