ম্যাচের প্রথম ওভারে বল হাতে ছুটছিলেন শাহিন শাহ আফ্রিদি। ব্যাটিং প্রান্তে ছিলেন আফগানিস্তান ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। ওভারের পঞ্চম বলে ঘটে গেল দুর্ঘটনা। পাকিস্তান পেসারের ভয়ঙ্কর এক ইয়র্কারে রানের খাতা না খুলেই এলবিডব্লিউ হন গুরবাজ। বল সরাসরি আফগান ব্যাটারের পায়ের আঙুলে আঘাত হানলে, গুরুতর আহত হন।
বুধবার ব্রিসবেনের গ্যাবায় গড়ানো ম্যাচে আহত গুরবাজকে দেখতে দ্রুতই মাঠে ছুটে যান ফিজিও। হেঁটে ড্রেসিংরুমেও যেতে পারেননি ২০ বর্ষী ব্যাটার। আফগান দলের বিকল্প ফিল্ডার তাকে পিঠে তুলে মাঠের বাইরে নিয়ে যান। খেলা খানিকক্ষণ বন্ধও রাখতে হয়। এরপর গুরবাজকে সরাসরি হাসপাতালে নিতে হয়।
গুরবাজের চোট কতটা গুরুতর তা জানতে আরও অপেক্ষা করতে হবে। বিশ্বকাপে উইকেটরক্ষক ওপেনিং ব্যাটার খেলতে পারবে কিনা সেজন্যও অপেক্ষা করতে হচ্ছে।
সুপার টুয়েলভের লড়াইয়ে নামার আগে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
টসে হেরে আগে ব্যাট করা আফগানিস্তান ৬ উইকেটে ১৫৪ রান তোলে। ৮২ রানে ৬ উইকেট হারানোর পরও তারা দেড়শ রানের গণ্ডি পার করেছে। মোহাম্মাদ নবি ৩৭ বলে ৫ চার ও এক ছক্কায় ৫১ ও উসমান ঘানি ২০ বলে ৫ চারে ৩২ রানে অপরাজিত ছিলেন।
পাকিস্তান ২.২ ওভারে বিনা উইকেটে ১৯ রান তোলার পর বৃষ্টি নামলে বল আর মাঠে গড়ায়নি। ফলাফল পরিত্যক্ত।







