লোকসংগীতশিল্পী স্বাগত দে আর নেই। বুধবার রাতে পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কলকাতার সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে প্রথমে তাকে বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বারাসাতের নবপল্লীর বাসিন্দা স্বাগত দে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ভাটিয়ালিসহ বিভিন্ন ধারার লোকসংগীতে ছিল তার সমান দক্ষতা। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দেন স্বাগত দে। পরিচালক সৃজিত মুখার্জীর চলচ্চিত্র ভিঞ্চিদা-তে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন স্বাগত দে। তার মৃত্যুতে ইতোমধ্যে সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের অনেক শিল্পী ও শুভানুধ্যায়ী।







