বিনোদন

মারা গেছেন গিটারিস্ট রাসেল খান

মারা গেছেন গিটারিস্ট রাসেল খান

গিটারিস্ট রাসেল খান আর নেই। সংগীতাঙ্গনের পরিচিত এই মুখ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৫২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এদিন সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা যান তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। বৃহস্পতিবার সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন রাসেল খান। মঞ্চে শিল্পীদের কণ্ঠের সঙ্গে তার গিটারের সুর হয়ে উঠেছিল পরিচিত অনুষঙ্গ। গিটারবাদক হিসেবে কাজ করলেও গানের প্রতি ভালোবাসা থেকে মাঝেমধ্যে নিজেও কণ্ঠে তুলে নিতেন গান।

গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন রাসেল। সেটিই ছিল তার জীবনের শেষ মঞ্চ পরিবেশনা।

সংগীতাঙ্গনে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে একসঙ্গে কাজ করার স্মৃতি তুলে ধরে তাকে স্মরণ করছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বনানীতে বড় বোনের বাসার পাশের একটি মসজিদে রাসেল খানের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় বিক্রমপুরে গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা।

বিষয়:কবরস্থান গিটারিস্ট মরদেহ রাসেল খান শিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…