ফ্রেঞ্চ ওপেনের নারী এককে আধিপত্য বিস্তার করেই চলেছেন পোল্যান্ডের ইগা সুয়াটেক। প্রত্যাশিতভাবে ফাইনালে উঠেছেন, জিতেছেন এবারের আসরেও। ইতালির জাসমিন পাওলিনিকে হারিয়ে ধরে রেখেছেন প্যারিসের রানীর মুকুট। ১ ঘণ্টা ৮ মিনিটের লড়াইয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছেন পোলিশ টেনিস তারকা।
শিরোপার মহারণে পাওলিনিকে পাত্তাই দেননি সুয়াটেক। দুই সেটে ফলাফল নিজের করে নিয়েছেন ২৩ বর্ষী তারকা। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা পাওলিনিকে হারিয়েছেন ৬-২, ৬-১ ব্যবধানে।
দ্বিতীয় নারী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের এককে হ্যাটট্রিক শিরোপা জিতলেন পোলিশ তারকা। তার আগে জাস্টিন হেনিন করেছিলেন এ রেকর্ড। ২০০৫-২০০৭ আসরে চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করেছিলেন বেলজিয়ামের সাবেক।
এপর্যন্ত পাঁচবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন সুয়াটেক। পাঁচবারই রানীর মুকুট পরেছেন। ২০২০ সালে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে ইউএস ওপেন জয় করেন। একইবছর ফ্রেঞ্চ ওপেনেও জেতেন, ২০২৩ আসরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর এবার হ্যাটট্রিক পূর্ণ করলেন সুয়াটেক।







