বুধবারেও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

বুধবারেও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা, ব্যাপক যানজট সৃষ্টি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
দাবি আদায়ে আজ বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ৫ ঘণ্টা ধরে সায়েন্স ল্যাবরেটরি মোড় দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে মিরপুর সড়কসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন বহু মানুষ।
বিকেলে আজকের মতো কর্মসূচি শেষ করে আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমাস সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
এরআগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সরেজমিনে সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ। তবে জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স যাতায়াত করতে দেওয়া হচ্ছে।
এই কমিটি বাতিল করে অবিলম্বে কমিশন গঠনের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমান বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু সরকার আমাদের দাবির বিষয়ে কোনো সাড়া দিচ্ছে না। দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে। আমরা রাজপথে নেমেছি দাবি আদায়ের জন্যই। সরকারের প্রতি আহ্বান, দ্রুত আমাদের দাবি মেনে নিন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর থেকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মিরপুর রোডসহ আশেপাশের সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছেন। কেউ আবার গাড়ি ঘুরিয়ে ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করায় যানজট প্রকট আকার ধারণ করেছে।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এর আগে গত ২১ ও ২৩ অক্টোবরও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
সাত কলেজ শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো
অবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে। এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবেন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।



