এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নগরের টাউন হল মোড় এলাকায় তারা সড়ক অবরোধ করলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনে আনন্দ মোহন সরকারি কলেজ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, স্বাভাবিক আবহাওয়া ও সুস্থ পরিবেশে পরীক্ষা নিতে হবে। প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না। যৌক্তিক কারণে কেউ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত থাকলে দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়াও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে প্রকাশ্যে জবাবদিহি করতে হবে এবং এইচএসসি-২৬ পরীক্ষার্থীরা তা যুক্তিসংগত মনে না করলে তাকে পদত্যাগ করতে হবে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।







