গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল মাদ্রাসার শ্রেণিকক্ষের ছাদ চুঁইয়ে পানি পড়ছে। এমন পরিস্থিতিতেও ঝুঁকি নিয়ে চলমান অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। এক হাতে কলম এবং অন্য হাতে ছাতা ধরে পরীক্ষার খাতায় লিখতে দেখা গেছে তাদের।
শিক্ষার্থীদের এভাবে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে ভবনের ছাদ দিয়ে বৃষ্টির পানি চুঁইয়ে পড়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এদিকে মাদ্রাসার নতুন একটি ভবনের নির্মাণকাজ চললেও কাজের ধীরগতির কারণে এখনো সেটি ব্যবহারের উপযোগী হয়নি। ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না হওয়ায় সেখানে ক্লাস কিংবা পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
ফলে প্রতিকূল পরিবেশের মধ্যেও পুরোনো ভবনেই পরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বাধ্য হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। স্থানীয়রা দ্রুত ভবনটির সংস্কার অথবা নতুন ভবনের নির্মাণকাজ শেষ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।







