শেরপুরে এসএসসি পরিক্ষায় অকৃতকার্য হয়ে ঘরের ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অন্তি (১৬) নামের এক পরিক্ষার্থী। অন্তি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলো।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে শেরপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চর বাছুর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। অন্তি ওই এলাকার কৃষক মো. দুলাল মিয়ার মেয়ে।
প্রতিবেশি মুরাদ হাসান জানান, গতকাল সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্তি অকৃতকার্য হয়। সারাদিন সে তার ঘরে মন খারাপ করে ছিল। আজ মঙ্গলবার আনুমানিক ভোররাত তিনটার দিকে অন্তিকে তার ঘরের ধর্নার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বাবা-মা। এসময় বাবা-মা’র চিৎকার কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে।
ওই প্রতিবেশী আরও জানান, কৃষক দুলাল মিয়ার ৩ মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল অন্তি। পরিবারের সবার আদর আর ভালোবাসায় বেড়ে ওঠা অন্তির আত্মহত্যার কারণে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্তব্ধ করে দিয়েছে পুরো গ্রামকে।
নকলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোরে চর বাছুর আলগী গ্রামে একজন এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।








