আন্তর্জাতিক

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-বিবিসি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পশ্চিম তুরস্কের বালিকেসির প্রদেশে  রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ)।

রয়টার্স জানিয়েছে, রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিলোমিটার গভীরে উৎপন্ন হয় বলে জানিয়েছে আফাদ।

ভূমিকম্পের কেন্দ্রস্থল সিনদিরগি অঞ্চলে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং মাত্রা ছিল ৬ দশমিক ১৯। কম্পন রাজধানী ইস্তাম্বুলসহ পার্শ্ববর্তী একাধিক প্রদেশে অনুভূত হয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বালিকেসিরের মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়ে এবং সেখানে ছয়জন বাসিন্দা আটকা পড়েন। ইতোমধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বাকি দুজনের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আফাদের জরুরি দলগুলো ইস্তাম্বুলসহ আশপাশের প্রদেশগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরীক্ষণের কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির নিশ্চিত খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত তুরস্কে এর আগেও বড় ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটেছে। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে প্রাণ হারান ৫৩ হাজারের বেশি মানুষ।

বিষয়:তুরস্ক ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…