আন্তর্জাতিক

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরান।

রোববার (৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, প্রণালিটি পুনরায় খুলতে ইরানের দেওয়া সাত দিনের পরিকল্পনা মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নূরনিউজ গালিবাফের বরাত দিয়ে জানায়, ইরানের কূটনৈতিক প্রস্তাবের জবাব দেওয়ার কয়েক দিন পর যুক্তরাষ্ট্র একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে কিছু প্রস্তাব দিয়েছে।

গালিবাফ বলেন, একতরফা দাবি চাপিয়ে দেওয়া বা সময়ক্ষেপণের দিন শেষ হয়েছে। ইসলামাবাদ সমঝোতার ভিত্তিতে দেওয়া ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।

তিনি আরও বলেন, ইরান সামরিক ময়দানেও সক্রিয় রয়েছে। প্রতিপক্ষকে নতুন চমকের মুখোমুখি করা হবে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে ইরান উৎসাহিতও হয়নি, আবার ভয়ও পায়নি। তেহরান একই সঙ্গে লড়াই করবে এবং আলোচনা চালিয়ে যাবে।

এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা আগে প্রণালিটি খুলে দেওয়ার জন্য একটি রূপরেখা প্রকাশ করেছিল তেহরান।

শান্তিকালীন সময়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে নৌপথটি দীর্ঘদিন বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ছে।

এদিকে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও কূটনৈতিক সমাধানের বিষয়ে তেহরানের আগ্রহের কথা জানিয়েছেন। তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আত্মরক্ষার মতোই কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিষয়েও ইরান আন্তরিক।

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য ইরান তার শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে উল্লেখ করে আরাগচি বলেন, ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে এবং ইরানের প্রস্তাব গ্রহণ করবে বলে তারা আশা করছেন।

তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপ নিলে ইরান আগের চেয়ে বেশি প্রস্তুত থাকবে এবং আত্মরক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো পারমাণবিক আলোচনা নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালি পুনরায় চালু করাই ইরানের প্রধান লক্ষ্য।

বাঘাই বলেন, এই মুহূর্তে ইরানের মূল মনোযোগ হরমুজ প্রণালিকে ঘিরে। নৌপথটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি সমাধানে পৌঁছানোই তাদের প্রধান উদ্বেগ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর সাত মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত ও প্রায় বন্ধ রয়েছে। এর ফলে কয়েক দশকের মধ্যে বিশ্বের অন্যতম বড় সামুদ্রিক বাণিজ্য সংকট তৈরি হয়েছে।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…