দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে বজ্র বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
শুক্রবার ২৯ মে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে-রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাত হতে পারে।
এ অবস্থায় আট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।








