আকস্মিক বন্যায় ফেনী জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। পানিতে ভাসছে ফেনী শহর। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রামে থাকা পরিবারের সদস্যদের পরিস্থিতি জানতে পারছেন না স্বজনরা।
ফেনী জেলা প্রশাসন জানিয়েছে, এই জেলায় প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যাকবলিত বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই। বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে সমস্যা আর তীব্র হয়েছে।
ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এই তিন উপজেলার পুরোটাই বন্যাকবলিত। সদর ও দাগনভূঞা উপজেলার ৮০ শতাংশ এলাকার মানুষ পানিবন্দী। সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। প্রায় সাড়ে ৩ লাখ মানুষ দুর্ভোগে আছেন।
পানিবন্দী মানুষেরা জানাচ্ছেন, তারা খাবার ও সুপেয় পানির তীব্র সংকটে আছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে কোথাও হাঁটু সমান, কোথাও বুক সমান পানি। এ কারণে যানচলাচল করতে পারছে না।







