অপরাধ

মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্তের নির্দেশ

মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্তের নির্দেশ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনাটি মূল্যায়নের জন্য এখনই মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন।

অভিযানে একজন মন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, এ বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।

গতকাল শনিবার রাজধানীর ঢাকা-৬ আসনে মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে ‘এই ধর, ধর, ধর’ বলে চিৎকার করতে শোনা যায়।

প্রতিমন্ত্রী নিজেও ওই দিন বিকেল ৫টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করেন। পরে অবশ্য ভিডিওটি মুছে ফেলা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘ইশরাকের অ্যাকশন, মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, অস্ত্র নিয়ে তিনি কাউকে ভয় দেখাননি এবং গুলিও করেননি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই তিনি ওই অভিযানে অংশ নেন।

তিনি আরও দাবি করেন, তার হাতে থাকা অস্ত্রটি বৈধ। ঢাকা-৬ আসনের গেন্ডারিয়ার রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক ব্যবসা নিয়ে স্থানীয় বাসিন্দারা বারবার তাঁর কাছে অভিযোগ করেছেন। পুলিশকে বিষয়টি জানানোর পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি নিজেই সেখানে যান বলে জানান প্রতিমন্ত্রী।

অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযানের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। প্রতিমন্ত্রীর হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি বৈধ কি না, বৈধ হলেও তিনি এভাবে অস্ত্র প্রদর্শন করে অভিযান পরিচালনা করতে পারেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের যদি এভাবে সরাসরি অভিযানে অংশ নিতে হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের নীতিমালার ২৫ নম্বর অনুচ্ছেদে বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহারের শর্ত উল্লেখ রয়েছে। এর ‘ক’ উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, আত্মরক্ষার প্রয়োজনে বৈধ আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার করা যাবে। তবে অন্যের মধ্যে ভীতি বা বিরক্তি সৃষ্টি হয়, এমনভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যাবে না।

বিষয়:অস্ত্র প্রদর্শন ডিবি প্রধান প্রতিমন্ত্রী ইশরাক মাদকবিরোধী অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…