বিনোদন

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফিরছেন স্টার-লর্ড!

নিশ্চিত করলেন ক্রিস প্র্যাট

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফিরছেন স্টার-লর্ড!

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) আবারও ফিরতে চলেছেন স্টার-লর্ড। জনপ্রিয় এই সুপারহিরো চরিত্রে অভিনয় করা হলিউড তারকা ক্রিস প্র্যাট নিজেই নিশ্চিত করেছেন তার ফেরার খবর।

তবে আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় তাকে দেখা যাবে কি না, কিংবা কবে নাগাদ স্টার-লর্ড পর্দায় ফিরবেন, সে বিষয়ে এখনই কিছু জানাননি অভিনেতা।

মার্ভেল স্টুডিওসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে চলছে আলোচনা, আগামী ১০ বছরের গল্পে অবদান রাখার পরিকল্পনাও রয়েছে অভিনেতার।

‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ ফ্র্যাঞ্চাইজিতে স্টার-লর্ড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ক্রিস প্র্যাট।

সম্প্রতি দ্য প্লেলিস্ট-এর ‘বিঞ্জওয়ার্দি’ পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, চরিত্রটির প্রত্যাবর্তন নিয়ে মার্ভেল স্টুডিওসের প্রেসিডেন্ট কেভিন ফেইজ ও নির্বাহী লুই দ’এসপোসিতোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভ্যারাইটি।

পডকাস্টে প্র্যাট বলেন, কেভিন ফেইজ ও লুই দ’এসপোসিতোর সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। স্টার-লর্ডকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি, সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে।

অভিনেতার কথায়, স্টার-লর্ডকে আবারও পর্দায় দেখতে পাবেন দর্শকরা। বিষয়টি তার নিজের কাছেও বেশ আনন্দের। তবে চরিত্রটির প্রত্যাবর্তনের নির্দিষ্ট সময় এখনই প্রকাশ করতে পারছেন না তিনি। একই সঙ্গে প্র্যাট আশ্বস্ত করেছেন, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স থেকে স্টার-লর্ড হারিয়ে যাচ্ছেন না।

এর কয়েক মাস আগেও চরিত্রটির প্রত্যাবর্তন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্র্যাট। হ্যাপি স্যাড কনফিউজড পডকাস্টে তিনি বলেছিলেন, স্টার-লর্ডকে ফিরিয়ে আনার বিষয়ে কেভিন ফেইজ ও লুই দ’এসপোসিতোর কাছে একটি প্রস্তাব তুলে ধরেছেন। মার্ভেল কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী কাজ করার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নির্মাণেও অবদান রাখতে চান তিনি।

প্র্যাটের ভাষ্য, আগামী ১০ বছরের গল্প বলার পরিকল্পনায় মার্ভেলকে যেকোনোভাবে সহযোগিতা করতে তিনি আগ্রহী। এ ক্ষেত্রে নিজেরও কিছু সুনির্দিষ্ট ভাবনা রয়েছে। স্টার-লর্ড চরিত্রটিকে কীভাবে ভবিষ্যতের গল্পে যুক্ত করা যায়, সে বিষয়ে তার একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন অভিনেতা।

স্টার-লর্ডের আসল নাম পিটার কুইল। মার্ভেলের এই চরিত্রে ক্রিস প্র্যাটকে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ সিরিজের তিনটি সিনেমায় দেখা গেছে। এ ছাড়া ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল তার।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মার্ভেলের নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ছবিটিতে মার্ভেলের বেশ কয়েকটি পরিচিত চরিত্রের প্রত্যাবর্তনের খবর ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। স্টার-লর্ডের প্রত্যাবর্তনও সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে। তবে আসন্ন সিনেমাটিতে ক্রিস প্র্যাট থাকছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে এমসিইউর ভবিষ্যৎ গল্পে স্টার-লর্ডের ভূমিকা কী হবে, তা জানতে আপাতত অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের। টেলিগ্রাফ ইন্ডিয়া

বিষয়:অ্যাভেঞ্জারস: এন্ডগেম অ্যাভেঞ্জার্স: ডুমসডে কেভিন ফেইজ ক্রিস প্র্যাট ফ্র্যাঞ্চাইজি স্টার-লর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…