দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন সংস্থাতে কয়েক মেয়াদ পদ আঁকড়ে রাখার একাধিক নজির রয়েছে। সেখানে পরিবর্তনের ডাক এলো। কোনো ক্রীড়া সংস্থায় একই পদে কেউ দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। সঙ্গে ক্রীড়াঙ্গনে আর্থিক স্বচ্ছতা আনার উপরও গুরুত্ব আরোপ করেছেন।
বলেছেন, ‘কোনো ক্রীড়া সংস্থাতেই কেউ দুই মেয়াদের বেশি একই পদে থাকতে পারবে না। প্রতিবছর প্রতিটি ক্রীড়া সংস্থাকে তাদের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট এবং প্রোগ্রেস রিপোর্ট জানাতে হবে, সঙ্গে নিশ্চিত করতে হবে সর্বস্তরের জবাবদিহিতা।’








