আন্তর্জাতিক

স্পেনের প্রধানমন্ত্রীর আগাম নির্বাচনের ঘোষণা

স্পেনের প্রধানমন্ত্রীর আগাম নির্বাচনের ঘোষণা

ছবি: সংগৃহীত

দেশজুড়ে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা ছিল।

সোমবার ৫ অক্টোবর এক টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করেন সানচেজ। পার্লামেন্টে আবাসনসংক্রান্ত দুটি জরুরি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরই এই সিদ্ধান্ত এলো।

গত এক সপ্তাহ ধরে ভাড়াটেদের সুরক্ষা ও সাশ্রয়ী আবাসনের দাবিতে স্পেনজুড়ে বিক্ষোভ চলছে। শনিবার মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়াসহ ৫০টির বেশি শহরে বিক্ষোভ হয়। মাদ্রিদে বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন।

বিক্ষোভের সূত্রপাত হয় ৮৭ বছর বয়সী মারিকর্মেন আবাসকালকে মাদ্রিদের বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায়। ওই নারী প্রায় ৭০ বছর ধরে সেখানে বসবাস করছিলেন। বাড়ির মালিকপক্ষ ভাড়া ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিলে তাকে উচ্ছেদ করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করে।

পরিস্থিতি সামাল দিতে সানচেজের সংখ্যালঘু সরকার দুটি জরুরি আবাসন আইন পার্লামেন্টে তোলার উদ্যোগ নেয়। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভাড়াটেদের ২০৩০ সাল পর্যন্ত উচ্ছেদে নিষেধাজ্ঞা এবং ভাড়া চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুযোগ রাখার প্রস্তাব ছিল। পর্যটন অ্যাপার্টমেন্ট নিয়ন্ত্রণের ব্যবস্থাও প্রস্তাব করা হয়।

তবে শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে দুটি প্রস্তাবই প্রত্যাখ্যাত হয়। সরকারের এই পরাজয়ের পর আবাসন সংকট নিয়ে বিক্ষোভ আরও জোরালো হয়। এর পরই নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন পেদ্রো সানচেজ।

বিষয়:আবাসন সংকট নির্বাচনের ঘোষণা পেদ্রো সানচেজ বাড়িভাড়া স্পেনের প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…