মাঝ আকাশে বিস্ফোরিত ইলন মাস্কের মহাকাশযান

মহাকাশে বিস্ফোরিত ইলন মাস্কের মহাকাশযানের ছবি, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের এ যাবতকালে তৈরি হওয়া সর্ববৃহৎ মহাকাশযান স্টারশিপ উৎক্ষেপণের পরপরই মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। স্পেসএক্স-এর ইঞ্জিনিয়াররা একে ব্যর্থতা হিসেবে না দেখে আকস্মিক টেকনিক্যাল সমস্যা বলছেন। তাদের স্টারশিপটির এর উচ্চতা ছিল ৩৯৪ ফুট, যা স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও ৯০ ফুট বেশি উঁচু।
বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্স-এর লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সফলভাবে যাত্রা করেছিল মানবহীন রকেটটি। বুস্টার অংশ বিচ্ছিন্ন হওয়ার সময় ঘটে বিস্ফোরণ।
বিশাল রকেটটি যখন বিস্ফোরণে ধোঁয়ার কুণ্ডলীতে পরিণত হল, তখনও স্পেসএক্স-এর সদরদপ্তরে কর্মীরা উদযাপন করছিল। রকেটটি মাটি থেকে সফল উৎক্ষেপণ করা গেছে এবং তা লঞ্চ প্যাডেই বিস্ফোরিত হয়নি বলে তারা এটিকে বড় সাফল্য বলে মনে করছে।
স্পেসএক্স বলেছে, তাদের কর্মীরা এবারের উৎক্ষেপণের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নেবে।
আর স্পেসএক্স এর মালিক ইলন মাস্ক টুইট করে অভিনন্দন জানিয়েছেন তার কর্মীদের। বলেছেন, এবারের অভিজ্ঞতা থেকে তারা আগামী উৎক্ষেপণের জন্য অনেক কিছু শিখেছেন। আর পরবর্তী উৎক্ষেপণ চেষ্টা হবে কয়েক মাসের মধ্যেই।
ব্যক্তিমালিকানাধীন কোম্পানি স্পেসএক্স চাইছে এমন একটি রকেট তৈরি করতে, যা বার বার ব্যবহার করা যাবে।






