আইনশৃংখলার অবনতি ও নানা বিতর্কের মুখে ফেনীর সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকনকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে পুলিশ পরিদর্শক সাইফুল আলমকে সোনাগাজী থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। আর বায়েজিদ আকনকে পদায়ন করা হয়েছে জেলা গোয়েন্দা শাখায়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ আদেশের কথা জানান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
জানা গেছে, ওসি বায়েজিদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠে। সেবাপ্রার্থীরা বিভিন্ন সমস্যা ও সহযোগিতার আশা নিয়ে থানায় গেলে কাঙ্খিত সেবা পান না। উল্টো অনেক ক্ষেত্রে হয়রানি আর অপমান সহ্য করে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। সোনাগাজীতে চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনা ঘটছে হরহামেশাই। অপরাধপ্রবণ ও আলোচিত এ থানা নিয়ে বিব্রত ছিল জেলা পুলিশ প্রশাসন।
বায়েজিদের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। তার কর্মকাণ্ডে অতিষ্ট পুরো উপজেলাবাসী। হয়রানি থেকে পরিত্রান ও সু-বিচার চেয়ে অভিযোগ জমা হয় জেলা পুলিশ সুপার থেকে প্রধান উপদেষ্টার দপ্তর পর্যন্ত।
গেল বছরের ৫ ডিসেম্বর থানায় যোগদানের পর থেকেই ওসির কর্মকাণ্ডে সন্তুষ্ট নন স্থানীয় ও সেবা প্রার্থীরা। এ নিয়ে বেশ কয়েকবার জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন মহলে অভিযোগ করেও মিলেনি ফল। উল্টো হিতে বিপরীত হয়েছে অনেক ঘটনায়।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বদলীর আদেশের তথ্য নিশ্চিত করে বলেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ।







