অপরাধ

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। এর বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি আলমগীর খান (৫৫)। তিনি দর্শনার মোবারক পাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে ভারতে পাচার হবে। এই তথ্যের ভিত্তিতে তারা আগে থেকেই দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়।

এ সময় এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামতে বলেন। কিন্তু তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে।

পরে জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে কোমরে খাকি স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি রিয়েলমি কোম্পানির মোবাইল ফোনও জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, উদ্ধারকৃত স্বর্ণ যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:চুয়াডাঙ্গা পাচারকারী আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্বর্ণ স্বর্ণের বার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…