ঘন কুয়াশার কারণে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট। উড়োজাহাজগুলো সিলেট এবং কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ঘন কুয়াশার কারণে আজ সোমবার রাত সাড়ে তিনটা থেকে ভোর চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ছয়টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
পরবর্তীতে সকাল সাড়ে দশটার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে শাহজালাল বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে।
ছয়টি ফ্লাইটের মধ্যে কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজ, মাস্কাট থেকে সালাম এয়ার, দুবাই থেকে ইউএস বাংলা, দোহা থেকে কাতার এয়ারওয়েজ ও কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আসছিল।
এছাড়া ফ্লাইট বিলম্ব ছিল নয়টি ফ্লাইটের, দেরিতে পৌঁছেছে আরও সাতটি ফ্লাইট।








