বিনোদন

সিঙ্গাপুরের পূজামণ্ডপে পর্নার গানে মাতছেন প্রবাসী বাঙালিরা

সিঙ্গাপুরের পূজামণ্ডপে পর্নার গানে মাতছেন প্রবাসী বাঙালিরা

দেশের মতোই জাঁকজমকপূর্ণ আয়োজনে সিঙ্গাপুরের বাঙালি কমিউনিটিতেও উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। পূজার উৎসবকে ঘিরে সাজানো হয়েছে মণ্ডপ, চলছে নানা আয়োজন। আর সেই উৎসবে গানে গানে আনন্দ ছড়াচ্ছেন বাংলাদেশের এই প্রজন্মের সংগীতশিল্পী পর্না আর দাস।

বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। ২০২০ সাল থেকে প্রায় প্রতি বছরই দুর্গাপূজার চার দিন (ষষ্ঠী থেকে নবমী) সেখানে গান শোনাতে যান পর্ণা।

সিঙ্গাপুরের পূজামণ্ডপের আয়োজন সম্পর্কে পর্না বলেন, এক পাশে প্রতিমা থাকে, আরেক পাশে স্টেজ সাজানো হয়। ঢাকায় গুলশান-বনানীর পূজামণ্ডপগুলো যেভাবে সাজানো হয়, এখানেও তেমন আয়োজন থাকে। গত পরশুদিন (শুক্রবার) থেকে গান করছি। দীপাবলি, সরস্বতী পূজা, কালীপূজাতেও গান করি। পুরো মাসটাই গানের ব্যস্ততায় কাটে।

দেশের বাইরে পূজা উদযাপন করলেও আনন্দ-উৎসবে কোনো কমতি থাকে না বলে জানান এই শিল্পী। পর্নার ভাষ্য, সিঙ্গাপুরের জুরং ইস্টে পূজা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। পূজার পাশাপাশি তারা গান উপভোগ করেন, মেতে ওঠেন আনন্দ-উল্লাসে।

পর্না বলেন, প্রবাসীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারি। তারা গান শুনে কিছুটা সময় খুশি থাকেন, তাদের আনন্দ দিতে পারি এ কারণেই প্রতিবছর আসা হয়। আগে শুধু বাংলাদেশের কমিটির আমন্ত্রণে আসতাম, এবার দুই বাংলার বড় কমিউনিটির আমন্ত্রণে এসেছি। এখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে।

দুর্গাপূজার এই ব্যস্ততার মধ্যেই নতুন গানের কাজ নিয়েও এগিয়ে যাচ্ছেন পর্না আর দাস। কিছুদিন আগে বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে কাজের পর এবার শানের সঙ্গে একটি দ্বৈত গান করেছেন তিনি।

শুধু তা-ই নয়, কুমার শানু, নচিকেতা, উদিত নারায়ণ ও জাভেদ আলীর সঙ্গে তার কণ্ঠে আরও চারটি দ্বৈত গান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গানগুলোর ভিডিও নির্মাণের পর সেগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পর্না। এ জন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। পাশাপাশি নতুন আরও কয়েকটি গানের কাজ চলছে।

বিষয়:দুর্গাপূজা পর্না আর দাস প্রবাসে দুর্গাপূজা সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…