ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
নির্মলা মিশ্রের পারিবারিক চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, শনিবার রাত ১২টা ৫ মিনিটে (রবিবার) মৃত্যু হয় সঙ্গীতশিল্পীর। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
সাম্প্রতিক সময়ে একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সঙ্গীতশিল্পী। তবে শেষের দিকে তিনি আর হাসপাতালে থাকতে চাইতেন না। তাই বাড়িতেই চলত তার চিকিৎসা।
নির্মলা অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এগুলোর মধ্যে আছে- এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখি রে, আবেশে মুখ রেখে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী।
জানা যায়, আজ (৩১ জুলাই) কলকাতার রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে সংগীতশিল্পীর মরদেহ। ভক্তরা সেখানেই প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা








