সিঙ্গাপুরে গত সেপ্টেম্বরে নৌকা দুর্ঘটনায় মারা যাওয়া জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গকে হত্যা করা হয়নি বলে জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দেশটির আদালতে জানানো হয়, মৃত্যুর আগে তিনি লাইফ জ্যাকেট পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১৯ সেপ্টেম্বর একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় জুবিন গার্গ (৫২) প্রথমে লাইফ জ্যাকেট পরলেও পরে তা খুলে ফেলেন এবং দ্বিতীয়বার তাকে প্রস্তাব দেওয়া হলেও তিনি জ্যাকেট নেননি। পরে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে নিস্তেজ হয়ে পড়েন। উদ্ধার করে সিপিআর দেওয়া হলেও সেদিনই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনো অপরাধের প্রমাণ নেই। তবে তার রক্তে উচ্চমাত্রার অ্যালকোহল পাওয়া গেছে।
অন্যদিকে ভারতে আসাম পুলিশের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) জুবিন গার্গের মৃত্যু নিয়ে আলাদা তদন্ত চালিয়ে যাচ্ছে।








