গার্লফ্রেন্ডের জন্য হাজার কোটি টাকা রেখে গেলেন সিলভিও

প্রাকৃতিক পরিবেশে হাসিমুখে দম্পতি হাতে হাত ধরে ছবি তুলছেন, সুন্দর ফুলের বাগান ও সবুজ গাছের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি বছরের জুনে মারা গেছেন ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। সম্প্রতি জানা গেছে, তিনি তার ৩৩ বছর বয়সী বান্ধবী মার্টা ফ্যাসিনার নামে ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ১২শ’ কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন।
এনডিটিভি জানিয়েছে, পরপর তিনবার ইটালির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সিলভিও বারলুসকোনির মোট সম্পত্তির মূল্য ৬ বিলিয়ন ইউরো বা প্রায় ৭১ হাজার কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
গার্লফ্রেন্ড ফ্যাসিনার সাথে সিলভিওর ২০২০ সালের মার্চ মাসে সম্পর্ক শুরু হয়। যদিও বারলুসকোনি আইনত ফাসিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন না, তবে তিনি মৃত্যুশয্যায় তাকে তার স্ত্রী হিসেবে উল্লেখ করেন।
২০১৮ সালে ইটালির সাধারণ নির্বাচনের পর থেকে ৩৩ বছর বয়সী মার্টা ফ্যাসিনা দেশটির সংসদের নিম্ন কক্ষের সদস্য হিসেবে কাজ করছেন। তিনি বারলুসকোনি সিলভিওর প্রতিষ্ঠিত দল ফোরজা ইটালিয়ার একজন সদস্য।
সিলভিওর সমস্ত ব্যবসা তার দুই বড় সন্তান মেরিনা এবং পিয়ের সিলভিও দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যারা ইতিমধ্যেই ব্যবসায় নির্বাহী ভূমিকায় কাজ করেছে। তাদের কাছে পরিবারের হোল্ডিংয়ের ৫৩ শতাংশ শেয়ার থাকবে।
এছাড়াও তিনি তার ভাই পাওলোর জন্য ১০০ মিলিয়ন ইউরো এবং ফোরজা ইতালিয়া পার্টির একজন সাবেক সিনেটর মার্সেলো ডেল’উত্রির জন্য ৩০ মিলিয়ন ইউরো রেখে গেছেন।
গত ১২ জুন ৮৬ বছর বয়সে মারা যান ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। লিউকেমিয়া সম্পর্কিত কিছু স্বাস্থ্য পরীক্ষা জন্য মিলানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।







