দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল বাবু ও সাংবাদিক মাহবুবুর রহমানসহ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ জানায়, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে তারা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক আরেকজনের নাম সেলিম। তিনি প্রাইভেট কার চালক ছিলেন।
জানা গেছে, সোমবার ভোরে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নেয়।
গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর থেকে শুরু হয় আওয়ামী লীগ শাসনামলে সুবিধাভোগীদের বিরুদ্ধে মামলা। বেশিরভাগই হত্যা মামলা।







