জাহাজে ৭ খুন: মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাচ্ছে নৌযান শ্রমিকরা

নৌযান শ্রমিকরা মধ্যরাতে কর্মবিরতিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটি বড় নৌযান docked হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চাঁদপুরে জাহাজে ৭ খুনের প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন, হত্যাকরীদের বিচারসহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছে নৌযান শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে তাদের কর্মবিরতি শুরু হবে বলে জানানো হয়েছে। এর আগে আজ দুপুরে মোবাইলের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম।
মো. শাহ আলম বলেন, বাগেরহাটের মূলঘর পূর্ব ইউনিয়নের জগদীশ মন্ডলের ছেলে আকাশ মন্ডল ওরফে ইরফান কর্তৃক সার বোঝাই পণ্যবাহি এমভি আল বাখেরা জাহাজের ৮ স্টাফকে ঠান্ডা মাথায় যেভাবে কুপিয়েছেন এবং বিশাল একটি জাহাজ একাই চালিয়েছেন এতে মনে হয় এটা তার একার কাজ হতে পারে না। আমরা এই ঘটনার প্রকৃত রহস্য এবং এর সাথে অন্য কারা ছিল সেটা সরকারের প্রশাসনের সঠিক তদন্ত দাবি করছি।
এছাড়া সারাদেশে ১০ হাজার ছোট পন্যবাহি নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তাও দাবি করছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জন প্রতি ২০ লাখ টাকা করে ক্ষতি পূরণও দাবি করছি। এসকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতিসহ পণ্যবাহি নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।
চাঁদপুরে গ্রেপ্তার হওয়া আকাশ মন্ডল ওরফে ইরফানকে নৌ পুলিশের দাবির প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ডে নেয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা অব্যাহত আছে বলে চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান।
তিনি বলেন, এক বছর আগে আকাশ মন্ডল মুসলিম ধর্ম গ্রহণ করেন। ৮ মাস আগে সে ওই জাহজে সুকানির চাকরি নেন খুনের শিকার জাহাজ মাস্টার গোলাম কিবরিয়ার মাধ্যমে।
জাহাজ মালিক মাহবুব মোরশেদ বলেন, আমরা ওই জাহাজে গোলাম কিবরিয়া ও ইঞ্জিন চালক সালাউদ্দিন মোল্লাকে চাকরি দিয়েছি। বাকিরা সবাই গোলাম কিবরিয়ার মাধ্যমে ওই জাহাজে চাকরি নিয়েছে।
এই ঘটনার পর চাঁদপুর নৌ রুটে সব ধরনের নৌ নিরাপত্তার হীনতায় রয়েছেন বলে স্থানীয় সাধারণ চলাচলকারী লঞ্চযাত্রী ও নৌযান শ্রমিকরা দাবি করছেন।
চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এটা ব্যাক্তিগত আক্রশের ঘটনা ছিল। নদীতে কোনো ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় নেই। এছাড়া আমাদের নৌ পুলিশ ও কোস্টগার্ড সব সময় সতর্ক অবস্থায় রয়েছে।






